ডেস্ক নিউজ
আপডেট: ২০২০-০৩-১৫ , ১০:১৭ এএম
দেশে দেশে ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব রুখতে বিশ্বব্যাপী নানান উদ্যোগ নেয়া হয়েছে। আর সাথে সাথে কর্মীদের সচেতন করছে অ্যাপল, গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় এবার দুবাই মল, দুবাইয়ের আমিরাতের মল এবং আবুধাবিতে ইয়াস মলসহ চীনের বাইরে অ্যাপলের প্রায় সব দোকান আপাতত বন্ধ করে দেয়া হয়েছে।
ডুবাই থেকে প্রকাশিত খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাপলের দোকান বন্ধ করে দেয়ার খবর সংশ্লিষ্ট মলের ওয়েবসাইট, প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়।
অ্যাপলের সিইও টিম কুক শনিবার (১৪ মার্চ) করোনার বিস্তার রোধে চীনের বাইরের সব দোকান আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। একইসাথে তিনি এ সমস্যা মোকাবিলায় ১৫ মিলিয়ন ডলার প্রদানেরও ঘোষণা দিয়েছেন।
এদিকে চীনের করোনাভাইরাসের পরিস্থিতি কিছুটা উন্নতির পর অ্যাপল সেখানে তাদের ৪২টি দোকান চালু করেছে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৩৬ জনে। ১৩২টি দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ হাজার ৫৩০ জন।
শনিবার (১৪ মার্চ) পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস এ তথ্য জানায়।
ওয়েবসাইটে জানানো হয়, বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৭ হাজার ৮৪৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ হাজার ৮২ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৬১ হাজার ৬০১ জনের অবস্থা স্থিতিশীল।
চীনে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও ইউরোপে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছে ইতালি। এখন পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ২৬৬ জনের।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫০ জনের, যা ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে একদিনের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুর খবর। এছাড়া দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬০ জন মানুষ।
ইরানেও করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫১৪ জনে পৌঁছেছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪ জন।
দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়া আক্রান্তের সংখ্যা আট হাজার ৮৬ জনে পৌঁছেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.