বিশ্বমানের নগরী গড়তে চান প্রধান দুই মেয়র প্রার্থী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৪ , ০৬:১৪ পিএম

বিশ্বমানের নগরী গড়তে চান প্রধান দুই মেয়র প্রার্থী

নির্বাচন এলেই বাড়ে প্রত্যাশার চাপ। চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরেও তাই এখন চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। ভোট সামনে রেখে এখন নির্বাচনী প্রতিশ্রুতির ডালি সাজাতে ব্যস্ত মেয়র প্রার্থীরা। জোরেশোরে চলছে ইশতেহার তৈরীর কাজ।

পর্যটনকে গুরুত্ব দিয়ে, বিশ্বমানের পরিকল্পিত নগরী গড়তে চান চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রধান দুই দলের মেয়র প্রার্থী। নির্বাচিত হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানজট ও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি আর গ্রীণ সিটির স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তারা। বাড়াতে চান বিনোদন সুবিধা। এসব বিষয় গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি করছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী আর বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন।

 আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী জানান, পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে তুলে ধরছেন। এছাড়া শিশুবান্ধব নগরী, পরিস্কার পরিচ্ছন্নতা কিংবা যানজট-জলাবদ্ধতার মতো বিষয়গুলোতে কাজ করার কথা বলছেন তিনি।

এদিকে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন জানান, নির্বাচিত হলে গুরুত্ব দিতে চান পর্যটন সম্ভাবনাকে। পাশাপাশি বিশ্বমানের নগর গড়তে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।

তবে নাগরিক সমাজ বলছেন, প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। শুধু প্রতিশ্রুতির জন্য নয়, প্রার্থীদের বাস্তবায়নযোগ্য ইশতেহার তৈরিরও পরামর্শ নাগরিক সমাজের।