'আদালত স্বাধীন বিধায় দলের মন্ত্রীদেরও হাজিরা দিতে হয়'

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৭:০১ পিএম

'আদালত স্বাধীন বিধায় দলের মন্ত্রীদেরও হাজিরা দিতে হয়' ছবি: ইন্টারনেট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে সরকারের পাশাপাশি ‘হাওয়া ভবন’ বানিয়ে সমান্তরাল সরকার পরিচালনা করছিল। হাওয়া ভবনের মূল কাজ ছিল যেকোনো ব্যবসায় ১০ শতাংশ কমিশন বসিয়ে তা আদায় করা। একথা দেশের মানুষও জানে।

সোমবার (২মার্চ) রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে 'দৈনিক সময়ের আলো' পত্রিকার এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের দুর্নীতি প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি (ফখরুল) যে কথা বলেছেন, তা তাদের দলের নেতানেত্রীদের বেলায়ই প্রযোজ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতির বিষয়ে এফবিআই বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। সে জন্য তার ১০ বছর কারাদণ্ড হয়েছে। খালেদা জিয়ার আরেক পুত্র আরাফাত রহমান কোকোর দুর্নীতির মাধ্যমে সিঙ্গাপুরে পাচারকৃত অর্থ সেদেশ থেকে দেশে ফেরত আনা হয়েছে। এসব ঘটনা বিদেশি গোয়েন্দা সংস্থা উদঘাটন করেছে, বাংলাদেশ সরকার নয়।

সরকার কখনোই আদালতের উপর হস্তক্ষেপ করেনি উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতে তারা (বিএপি) বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে পায়নি। কারণ বেগম খালেদা জিয়া রাজনৈতিক বন্দি নন। উন্নত চিকিৎসার জন্য তারা (বিএনপি) বেগম জিয়ার জামিন চাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসাও দেওয়া হচ্ছে। সে বিবেচনায় আদালত খালেদাকে জামিন দেয়নি। এটি আদালতের এখতিয়ার।

ড. হাছান বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন বিধায় আমাদের দলের মন্ত্রীদেরও হাজিরা দিতে হয়। আমাদের দলেল মন্ত্রী-এমপিরা দুদকের দায়রকৃত মামলায় জেলেও গেছেন।

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক রমজানুল হক নিহাদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পস্থিত ছিলেন