নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স শুনতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০২ , ০৬:১৭ পিএম

নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স শুনতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ ছবি: ইন্টারনেট

ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের পৃথক আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি।

বিচারপতি সৌমেন্দ্র সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ মামলার শুনানি হবে। সোমবার (২রা মার্চ) পেপারবুকসহ যাবতীয় নথি ছাপা ও প্রয়োজনীয় কাজ শেষে শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হয়।

বিধি অনুসারে বিচারিক আদালতে কোনো আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে। যার ধারাবাহিকতায় বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের ওপর শুনানি হয়।

গত ২৪শে অক্টোবর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের সাজার রায় দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল।