মাটির ঢিবি ধসে প্রাণ গেলো ২ শ্রমিকের

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১১ , ০৪:২৭ পিএম

মাটির ঢিবি ধসে প্রাণ গেলো ২ শ্রমিকের

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের নির্মাণাধীন মল্লিকপুর স্কুল মাঠে মাটির ঢিবি ধসে ২ ট্রাক্টর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার ইছুয়া নওয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে কুদ্দুস হোসেন (৪০) ও ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আতোয়ার হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম বলেন, সদর উপজেলার মল্লিকপুর স্কুলের নির্মাণাধীন একটি ভবনের কনস্ট্রাকশন কাজের জন্য নিচের মাটি খনন করে বাড়তি মাটি স্তুপ করে রাখা ছিল। সেই বাড়তি মাটি ইটভাটা ও পুকুর ভরাটের কাজে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য ৪ জন ট্রাক্টর শ্রমিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে মাটির ঢিবিটি ধসে ঘটনাস্থলেই ২ শ্রমিক মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত দুই জনসহ তাদের লাশ উদ্ধার করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, নওগাঁর এক ঠিকাদার এই নির্মাণের কাজটি করছে। এই ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।