নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৯-২১ , ০১:৩৩ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেকের বিরুদ্ধে কৌশল পরিবর্তন করে আবারও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। একই সাথে খালেক ও তার অনুসারীরা এক যুবককে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগও ওঠে। একের পর এক অভিযোগ যেন তার পিছু ছাড়ছেন না।
দুবাই প্রাবাসী দিদারুল আলমের বাবা বৃদ্ধ জাহাঙ্গীর আলম বলেন, তার দুটি সন্তান প্রায় ২০ বছর প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করছেন। ঘাম ঝড়িয়ে সরকারকে রেমিটেন্স দিয়ে অনেক কষ্টে নিজেদের থাকার জন্য একটি জায়গা ক্রয় করে। কিন্তু সেই জায়গায় চোখ পড়ে বায়েজিদ স্বেচ্ছাসেবক দলের খালেকের।
জাহাঙ্গীর আলম নাগরিক পত্রিকার কাছে দাবি করেন, এর আগে খালেক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগত হওয়ায় ক্রয়কৃত ওই জায়গা নির্মিত দেয়াল ভেঙে ফেলে। পরে একই দাবিতে আর দেয়াল নির্মাণ করতে দেয়নি।
তিনি বলেন, সম্প্রতি নাগরিক পত্রিকায় আব্দুল খালেকের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের পর থেকে তিনি আমাদের ক্রয়কৃত জায়গায় আর না গেলেও কৌশল পরিবর্তন করে এখন বিভিন্ন লোকের মাধ্যমে চাঁদা দাবি করছে।
জাহাঙ্গীর আলম নাগরিক পত্রিকাকে বলেন, কয়েকদিন আগে খালেকের এক লোক এসে আমার কাছে খালেকসহ তারা কক্সবাজার যাওয়ার জন্য কিছু টাকা দাবি করে। জাহাঙ্গীর আলম তার নিরাপত্তার কথা ভেবে ওই ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি ওই ব্যক্তির উদ্ধৃতি বলেন, ‘আমি সব ঠিক করে দিবো, খালেককে কিছু টাকা দাও কক্সবাজার থেকে ঘুরে আসুক, আর কোনও ডিস্টার্ব করবে না।’
জাহাঙ্গীর আলম বলেন, খালেকের অত্যাচার থেকে বাঁচতে বায়েজিদ থানায়, পুলিশ কমিশনার এবং স্বেচ্ছাসবক দলের কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
এদিকে, গতকাল ২০ সেপ্টেম্বর পশ্চিম হাজী পাড়া এলাকার নাছিরের ছেলে মো: মহিমকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ ওঠে খালেক ও তার অনুসারী রনিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। গতকাল দুপুর আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত মহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।
মহিমের পরিবারের পাঠানো কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, মারধরের কারণে মহিমের পিঠে চামড়া প্রায় কেটে ফুলে উঠেছে।

মহিম নাগরিক পত্রিকাকে বলেন, একটি গাড়িতে করে বালু ফালানোর সময় হঠাৎ খালেকসহ আরও কয়েকজন এসে তাকে অতর্কিতভাবে মারধর শুরু করে। পরে তাকে বিদ্যুতের মোটা তার দিয়ে পিঠে অনবরত মারতে থাকে।
মহিম জানায়, খালেকের ভয়ে এলাকার কেউ এগিয়ে আসেনি। পরে তার বাবা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটানায় মহিম মামলা করবেন বলে জানায়।
বিষয়টি নিয়ে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অভিযুক্ত আব্দুল খালেকের বক্তব্য জানতে কল করা হলে তিনি রিসিভ না করায় তার কোনও বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাগরিক পত্রিকাকে বলেন, এখনও কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এরআগে নাগরিক পত্রিকা ‘‘বায়েজিদে বিএনপি নেতা খালেকের চাঁদাবাজি-জায়গা দখলে অতিষ্ট এলাকাবাসী!’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.