মোহাজের সম্পত্তি উদ্ধারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

 রোমান শেখ
আপডেট: ২০২৬-০৮-১৯ , ০৪:৫৮ পিএম

মোহাজের সম্পত্তি উদ্ধারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছবি: নাগরিক পত্রিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় সরকারের মোহাজের বেদখল সম্পত্তি উদ্ধারে সম্প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এসব সম্পত্তি উদ্ধারে ইতেমধ্যে প্রতিটি জেলার ডিসি, এলএ এবং সংশ্লিষ্ট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের (ডিআরআরও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি নাগরিক পত্রিকায় নগরীর বায়েজিদের রৌফবাদ এলাকায় মোহাজের সম্পত্তি বেদখল এবং বেচা-কেনার বিষয়ে দু’টি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর চট্টগ্রাম জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) দৃষ্টিগোচর হলে তারা এ বিষয়ে কমিটি গঠনসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনে কাজ শুরু করেন।

নাগরিক পত্রিকার সাথে বিষয়টি নিয়ে কথা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে। তিনি বলেন, ইতিমধ্যে প্রশাসন অধিশাখা, শৃঙ্খলা ও গোপনীয় অনুবেদন অধিশাখার যুগ্মসচিব আবু দাউদ মো: গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি মিটিং করেছেন। মাঠ পর্যায়ে তারা দ্রুত কাজ শুরু করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা, শৃঙ্খলা ও গোপনীয় অনুবেদন অধিশাখার যুগ্মসচিব আবু দাউদ মো: গোলাম মোস্তফা নাগরিক পত্রিকাকে বলেন, সম্প্রতি মন্ত্রী মহোদয়ের নির্দেশে অতিরিক্ত সচিবের নেতৃত্বে সকল জেলার ডিআরআরও’র কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসককে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে। যেখানে অতিরিক্ত জেলা প্রশাসক, এডিসি-এলএ, ইউএনও, এসিল্যান্ড ডিআরআরওসহ আরও অনেকে আছেন। যুগ্মসচিব বলেন, এসব জমির মধ্যে যেগুলো সরকারের নামে খতিয়ানে আছে ওইসব সম্পত্তি দ্রুততার সাথে উদ্ধারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাকিগুলোতে এলএ মামলার নথি পর্যালোচনা করা হচ্ছে এবং ডিআরআরওসহ সকলকে দ্রুত কাজ করতে বলা হয়েছে।

নাগরিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে তিনি চট্টগ্রামের সংশ্লিষ্ট জেলা প্রশাসনসহ ডিআরআরওকে অভিযুক্তদের বিরুদ্ধে বেদখল জায়গা উদ্ধারে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানান যুগ্মসচিব আবু দাউদ মো: গোলাম মোস্তফা।

এ সংক্রান্ত প্রতিবেদন আরও পড়ুন:

রৌফবাদে উর্দুভাষীদের জমি ক্রয়-বিক্রিয় যেন থামছেই না

রৌফবাদে বেদখল জায়গা উদ্ধার করে দেয়াল নির্মাণ করা হবে: ডিআরআরও