হঠাৎ নিরাপত্তা বাড়ল ঢাকায় মার্কিন দূতাবাসে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১০-১৪ , ০৮:২২ এএম

হঠাৎ নিরাপত্তা বাড়ল ঢাকায় মার্কিন দূতাবাসে

রাজধানী ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও আশপাশ এলাকায় গভীর রাতে আকস্মিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়, পাশাপাশি গুলশান বিভাগের পুলিশও অবস্থান নেয়।

সোমবার রাতে রাজধানীর বারিধারায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বেশ কিছু সদস্যকে মোতায়েনের তথ্য দিয়েছেন ডিএমপির একাধিক কর্মকর্তা।

ওই কর্মকর্তারা জানান, সোয়াটের সদস্যরা বিশেষায়িত অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এবং তাদের কাছে সে ধরনের ভারী অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম রয়েছে।

পুলিশের গুলশান বিভাগের সরকারি কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে নিরাপত্তা ঝুঁকিটি কী ধরনের এবং সুনির্দিষ্ট হুমকির তথ্যটি কী তা বলেননি এসি মাসুদ কিংবা অন্য কর্মকর্তারা।