একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১০-০৫ , ০৭:৩৫ পিএম

একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু ছবি: নাগরিক পত্রিকা

একদিনে পাঁচ জেলায় বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন কৃষক ও দুজন শিক্ষার্থী রয়েছেন। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা
বিকেলে হোমনার ভবানীপুর খেয়াঘাটে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহ
সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা গেছেন। শৈলকূপা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

নারায়ণগঞ্জ
বিকেলে আড়াইহাজারে কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই মারা যায়।