ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৫-০১-২২ , ০৬:৫৪ পিএম

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে ছবি: নাগরিক পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম— আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার নাগরিক পত্রিকা’কে এ তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। প্রাথমিকভাবে জানা গেছে- ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।