নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২৪-১২-১৩ , ০৭:০৫ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার হওয়া ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফরিদপুর জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে ইউএনও আল মামুনকে গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ ডিসেম্বর অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো।
তিনি তাঁর দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।
জানা যায়, গত বুধবার আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।
যদিও আল মামুন ওই অভিযোগ অস্বীকার করেন।
তিনি পরে জানিয়েছিলেন, ‘গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও উপস্থিত ছিলন। তাঁরা সবাই জানেন আমি এ জাতীয় কোনো কথা বলিনি। কেন ওই ছাত্রনেতা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান) আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন, তা আমার বোধগম্য নয়।
এ বিষয়ে শুক্রবার আল মামুন সাংবাদিকদের বলেন, ‘সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার অপরাহ্নে পেয়েছি। চিঠিটি গত বুধবারের তারিখে স্বাক্ষর করা ছিল। আজ রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.