জঙ্গি তৎপরতা বাড়লেও পাহাড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইজিপি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-১৩ , ০৭:৩১ পিএম

জঙ্গি তৎপরতা বাড়লেও পাহাড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইজিপি ছবি: নাগরিক পত্রিকা

পাহাড়ে নতুন জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর তৎপরতা কিছুটা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি। এখনো সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে।’

সেনাবাহিনী ও কেএনএফের মধ্যে সংঘর্ষের বিষয়ে ইঙ্গিত করে আইজিপি বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন ঘটনা। আইএসপিআর এ বিষয়ে বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিভিন্ন স্থানে বিস্ফোরণের বিষয়টি কীভাবে দেখছেন-এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সিদ্দিক বাজারের ঘটনায় নাশকতার কোনো কিছু পাইনি। সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।’

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ অনেকে।