ইসরায়েলের ক্ষমতায় ফের ডানপন্থী নেতানিয়াহু

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১১-০৪ , ০৮:১৫ এএম

ইসরায়েলের ক্ষমতায় ফের ডানপন্থী নেতানিয়াহু ছবি: নাগরিক পত্রিকা

আবারও সরকার গঠনের সুযোগ পাচ্ছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডানপন্থী এই নেতার নেতৃত্বাধীন কোয়ালিশন দল ইসরায়েলি নির্বাচনে জয় পেয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসনের মধ্যে ৬৪টি আসন পেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোয়ালিশন দল ।

তার প্রতিদ্বন্দ্বী ইয়াইর লাপিদ ও তার সহযোগী দলগুলো পেয়েছে ৫১টি আসন। এই দুই নেতাকে সমর্থন না দেয়া হাদাশ পার্টি পেয়েছে পাঁচটি আসন। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।

নভেম্বরে ফল আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হলে দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। 

ইসরায়েলে গত চার বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়। তখন নেতানিয়াহু সমর্থকদের বলেছিলেন, তাঁরা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছেন।

সে সময় তিনি একটি টেকসই সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান নেতানিয়াহু। গত বছরের জুনে নেসেটে (পার্লামেন্ট) নতুন জোট সরকার গঠন নিয়ে বিতর্কের পর ভোট হয়। নতুন জোট সরকারের পক্ষে পড়ে ৬০ ভোট।

বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। পরে ইয়ার লাপিদের মধ্যপন্থী দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি। কিন্তু সম্প্রতি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে ফাটল দেখা দেয়। তাই এ নির্বাচনের আয়োজন করা হয়।