আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২২-১১-০১ , ০৯:২৮ এএম
ছবি: নাগরিক পত্রিকা
পুলিশি হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যু নিয়ে গোটা ইরানজুড়েই হয়েছে বিক্ষোভ। এসব বিক্ষোভ থেকে আটক করা হয়েছে অনেককে। এবার জনসম্মুখে তাদের বিচারের ঘোষণা দিয়েছে ইরানের বিচার বিভাগ। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, সাম্প্রতিক সময়ে আটককৃত দুই হাজার বিক্ষোভকারীর বিচার জনসম্মুখে করার ঘোষণা দিয়েছে ইরানের বিচার বিভাগ। এর মধ্যে রাজধানী তেহরান থেকে আটককৃত এক হাজার বিক্ষোভকারী রয়েছে। বিশৃঙ্খলার দায়ে এসব অভিযুক্তদের প্রকাশ্যে বিচার করা হবে।
তেহরানের প্রধান বিচারপতির বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোতে নিরাপত্তারক্ষীদের আক্রমণ, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগসহ নাশকতার জন্য আটককৃত দুই হাজারের বিচার করা হবে। একটি বিপ্লবী আদালতে তাদের বিচার হবে।
প্রধান বিচারপতি বলেছেন, ‘এই সপ্তাহে জনসম্মুখে বিক্ষোভকারীদের শুনানি হবে। ’
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হিজাব ইস্যুতে রাজধানী তেহরান থেকে মাহসা আমিনিকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। তাদের হেফাজতেই মারা যান এই কুর্দি তরুণী। তার মৃত্যুর পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে; যা এখনো চলমান। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। বিক্ষোভ দমনে গুলি পর্যন্ত চালানো হচ্ছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটসের তথ্য মতে, এ বিক্ষোভে এখন পর্যন্ত ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জন অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর ৩৬ সদস্যও নিহত হয়েছেন।
তবে আটকের সঠিক সংখ্যা জানাতে পারেনি মানবাধিকার সংগঠনটি। তারা বলছে, আটককৃত অনেককে ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ দিকে আটককৃত বিক্ষোভকারীদের জনসম্মুখে বিচার নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, ‘বেআইনিভাবে গ্রেপ্তার হওয়া নিরীহ প্রতিবাদকারীর সংখ্যা দেখে আমি হতবাক। ’ অন্যদিকে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নে অনুরোধ করার কথা জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
নিরস্ত্র বিক্ষোভকারীদের দমন ও গ্রেপ্তারের জেরে নতুন করে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। এ ছাড়া আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানকে বাদ দিতে অনুরোধ করেছে ইউক্রেন।
দেশজুড়ে চলা এই বিক্ষোভের যুক্তরাষ্ট্রসহ শত্রুদের দোষারোপ করেছেন ইরানি নেতারা। বিক্ষোভকারী দাঙ্গাবাজ উল্লেখ করে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.