গুগলকে বড় অঙ্কের জরিমানা ভারতে

 তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০২২-১০-২৩ , ০৪:৫৩ পিএম

গুগলকে বড় অঙ্কের জরিমানা ভারতে ছবি: নাগরিক পত্রিকা

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ১৬ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে ভারত। দেশটির বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা বা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এ জরিমানা করেছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে।

ভারতের বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা-সিসিআই বলছে, নিজেদের অ্যাপগুলোর গ্রাহক বাড়াতে স্মার্টফোন নির্মাতাদের সাথে একতরফা চুক্তি করেছে গুগল। মার্কিন প্ল্যাটফর্মটিকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সিসিআই।

সিসিআই এর ভাষ্যমতে, বাজারে সবচেয়ে প্রভাবশালী অবস্থানে থাকার সুবিধা নিয়ে গুগ্‌ল অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে। এই কারণেই গুগলের উপর ১৩৩৭.৭৬ কোটি রুপি বা ১৬ কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে সিসিআই।

সিসিআই আরও জানায়, গুগলকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদের কাজের ধরনে সংশোধন করে ফেলতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, প্রতিযোগিতার মানসিকতা না দেখানোয় গুগলকে এ জরিমানা করা হয়েছে। ভারতের এ জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, এই সিদ্ধান্ত ভারতীয় উপভোক্তা এবং ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা।

শুক্রবার গুগলের মুখপাত্র জানান, অ্যান্ড্রয়েড সকলের জন্যই অধিক বিকল্পের সংস্থান করেছে। এর ফলে ভারত তথা দুনিয়াজুড়ে হাজার হাজার সফল ব্যবসায়ীর সমর্থনও এর সঙ্গে রয়েছে। গুগল সূত্রে খবর, সিসিআইয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানোর কথা ভাবা হচ্ছে। পরবর্তী স্তরে আবেদন করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, সিসিআই সংবাদ সামগ্রী সম্বন্ধীয় রাজস্ব বণ্টন সংক্রান্ত অনিয়ম নিয়ে ইন্টারনেট সংস্থা গুগলের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছিল। এর আগে, ইউরোপেও একই অভিযোগে গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা করা হয়।