সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১১-১৫ , ০৮:৪৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সেজন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে।
মতবিনিময়কালে রাষ্ট্রপতি যোগাযোগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়ন তুলে ধরেন।
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিব এ সময় উপস্থিত ছিলেন।
মিঠামইন সেনানিবাসের নির্মাণকাজ পরিদর্শন
এর আগে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
সেনানিবাস এলাকায় পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দীন আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিব এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আবদুল হামিদের পিতা মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিঠামইনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপ্রধান ওই মিলাদ, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এলাকার সর্বস্তরের জনগণও মিলাদ মাহফিলে অংশ নেন।
রাষ্ট্রপতি গত শুক্রবার তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে সাত দিনের সফরে কিশোরগঞ্জে রয়েছেন।
রাষ্ট্রপতির আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.