নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-০৮ , ০৭:৩৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। এ পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর আমাদের কানে আসেনি।’
সোমবার দুপুরে নওগাঁর শহরের ডিগ্রি কলেজ মোড় এলাকায় নবনির্মিত পুলিশ শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেনজীর আহমেদ।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন। এজন্য পুলিশ নিয়োগে যুগোপযোগী একটি নিয়োগবিধি করা হয়েছে। যুগের চাহিদা পূরণ করার জন্য এই নিয়োগবিধি চালু হয়েছে। এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন বিধি অনুযায়ী করা হয়েছে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা বা সহনশীলতা যাচাই করার জন্য সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে। নতুন নিয়োগবিধির ফলে ভবিষ্যতে পুলিশের অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রেও মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই নিয়োগ পাবেন।’
নওগাঁ পুলিশ শপিং মল উদ্বোধন করে আইজিপি বলেন, ‘‘পুলিশ সদস্যদের কল্যাণে প্রধানমন্ত্রী ‘পুলিশ কল্যাণ তহবিল’ গঠন করে দিয়েছেন। এর ফলে পুলিশ সদস্যরা নানাভাবে উপকৃত হচ্ছেন। পুলিশ সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ নানা ধরনের বাণিজ্যিক উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে নওগাঁয় পুলিশ শপিং মল করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ আধুনিক ও ভালো পরিবেশে নিত্য প্রয়োজনীয় সব পণ্যসামগ্রী কিনতে পারবেন।’
এ সময় রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.