রাজধানীতে উপসচিবের পচাগলা লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৫ , ০২:৪৯ পিএম

রাজধানীতে উপসচিবের পচাগলা লাশ উদ্ধার

রাজধানীর রমনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৫ টা ৩৬ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা বলেন, ‘আবদুল কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। তিনি গত ৭-৮ দিন ধরে তিনি অফিসে যাচ্ছিলেন না। সহকর্মীরাও যোগাযোগ করে তাকে পাননি। গতকাল তার পাশের ফ্ল্যাটের লোকজন পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ডি-কম্পোজড (পচন ধরা যাওয়া) মরদেহ দেখতে পায়।’

তিনি আরও বলেন, ‘আবদুল কাদের অবিবাহিত, তিনি ওই বাসায় একাই থাকতেন। ধারণা করা হছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ কয়েকদিন থাকার কারণে এতে পচন ধরেছে। তবে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তারা কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।