জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ৯১

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-০৭ , ০৬:২৯ এএম

জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ৯১ ছবি: ইন্টারনেট

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার ফ্রিটাউনের চোইথরাম সুপার মার্কেটের পাশে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিবিসি জানায়, ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সইয়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে জানিয়েছেন। তবে বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি। 

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এক টুইট বার্তায় গভীর সমবেদনা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সরকার সবকিছু করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।