পাটুরিয়ায় ফেরিডুবি: এ পর্যন্ত ১১ যান উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-২৮ , ০৯:৩১ পিএম

পাটুরিয়ায় ফেরিডুবি: এ পর্যন্ত ১১ যান উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত ফেরিডুবির ঘটনায় দুইদিনে মোট ১১টি যানবাহন উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৬টি কাভার্ড ভ্যান, ৪টি ট্রাক ও একটি মোটরসাইকেল। সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর সদস্যরা পাটুরিয়ার ৫ নম্বর পন্টুনে উদ্ধার অভিযানে নামে।

সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া ফেরি থেকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। এরপর তারা দুর্ঘটনার দিন ফেরি থেকে ভেসে যাওয়া ৫নং ঘাটের দেড়শ মিটার পূর্বে ডুবন্ত ৫টি কাভার্ডভ্যান উদ্ধার করে। দুর্ঘটনার দিন উদ্ধারকারীরা ৪টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছিল। উদ্ধারকারী জাহাজ হামজার সহযোগিতায় এই কার্যক্রম চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানান, ১৭টি কাভার্ডভ্যান-ট্রাক এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে শাহ আমানত পাটুরিয়ায় এসে কাত হয়ে ডুবে যায়। এসময় তিনটি ট্রাক ও কয়েকটি মোটরাসাইকেল তীরে উঠতে সক্ষম হলেও ১৪টি কাভার্ডভ্যান ও ট্রাক এবং কয়েকটি মোটরসাইকেল ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ৫টি কাভার্ডভ্যান ভেসে কিছুদূর গিয়ে ড্রেজারের পাইপের সাথে গিয়ে আটকে যায়। দুইদিনে ৬টি কাভার্ডভ্যান, ৪টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ফেরিতে এখনো ৪টি ট্রাক-কাভার্ডভ্যান রয়েছে বলে ডুবুরিরা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ফেরিতে থাকা ট্রাকগুলো উদ্ধার করা হয়ে গেলেই যানবাহন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে। আর ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করতে জাহাজ হামজা সক্ষম নয়। নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের সহযোগিতায় যদি ফেরিটিকে ওঠানো না যায়, বেসরকারিভাবে ভাড়া করা উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটি ওঠানোর চেষ্টা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল লতিফ জানান, উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য বুধবারই নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। বৃহস্পতিবার রাতের মধ্যে সেটি ঘটনাস্থলে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্বজন হারিয়ে গেছে এমন দাবিতেও কাউকে ঘাটে আসতে দেখা যায়নি।