সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-১০-১২ , ১০:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আলোচিত ধনকুবের মুসা বিন শমসের বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। আমি এই ভুয়া অতিরিক্ত সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তার বিরুদ্ধে মামলা করব। মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বের হয়ে মুসা বিন শমসের এ মন্তব্য করেন৷ তাকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি এ মন্তব্য করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে মুসা বিন শমসের সাংবাদিকদের বলেন, একজন ফ্রড লোক অতিরিক্ত সচিব পরিচয়ে ভুয়া কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছিল। আমার সঙ্গে বিভিন্ন সময় ছবি তুলেছিল এবং সে মাঝেমধ্যে আমার সঙ্গে বসে ঊর্ধ্বতন লোকদের সঙ্গে কথা বলতেন।
তাদের মধ্যে আইজিপি, আর্মির জেনারেলসহ ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতেন। আমার বিশ্বাস ছিল যে তিনি (আবদুল কাদের) অতিরিক্ত সচিব। কিন্তু পরে প্রমাণিত হলো তিনি অতিরিক্ত সচিব না, তিনি একজন ভুয়া অতিরিক্ত সচিব। পরে তাকে বের করে দিলাম আমি।
‘ডিবি আমাকে আবদুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং আমি যা যা জানি সবকিছু স্পষ্ট বলেছি। আমার বক্তব্যে ডিবি পুলিশ সন্তুষ্ট। আবদুল কাদের একজন মিথ্যাবাদী। আমিও প্রতারণার শিকার হয়েছি। আমি ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদেরের বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’
ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদেরের বিরুদ্ধে মামলা করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে মুসা বিন শমসের বলেন, ‘আমি প্রতারণার শিকার হয়েছি। আমি তার বিরুদ্ধে মামলা করব।’
আবদুল কাদেরের সাথে ছবির বিষয়ে জানতে চাইলে মুসা বিন শমসের বলেন, ‘আমার সঙ্গে অনেক লোক এসে ছবি তোলে। কেউ ছবি তুলতে চাইলে আমি তাকে না করতে পারি না। আমার ছবি নিয়ে যদি কেউ প্রতারণা করে সেটার দায়-দায়িত্ব আমি নিতে পারি না।’
আবদুল কাদেরের সঙ্গে আপনার একটি ২০ কোটি টাকার চেকের লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট করবেন কি না, এমন প্রশ্নে এই ধনকুবের বলেন, ‘ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি।’
এর আগে আজ বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে মেরুন রঙের একটি গাড়িতে করে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন মুসা বিন শমসের। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। এরপর ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.