প্রযুক্তিবান্ধব উন্নত দেশ গড়তে সরকারের রয়েছে নানা উদ্যোগ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৫ , ০১:৩২ পিএম

প্রযুক্তিবান্ধব উন্নত দেশ গড়তে সরকারের রয়েছে নানা উদ্যোগ ছবি: ইন্টারনেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে, বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে উঠতে হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, শিক্ষার্থী ও গবেষকদের মাঝে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান শেষে, এ কথা বলেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কাজ করতে, গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রযুক্তিবান্ধব উন্নত দেশ গড়তে সরকারের রয়েছে নানা উদ্যোগ। এর অংশ হিসেবে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর দেয়া হয়, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি কিংবা বিশেষ গবেষণা অনুদান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৯-২০ বছরের অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডের প্রসার। বঙ্গবন্ধুর দেখানো পথে সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫'র পর স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় আসায় থমকে যায় দেশের অগ্রযাত্রা। পরে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে।  

এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ার সুযোগ উন্মুক্ত থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।