জার্মানির ২০তম জাতীয় নির্বাচন আজ

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৯-২৬ , ০৮:২৯ এএম

জার্মানির ২০তম জাতীয় নির্বাচন আজ ছবি: ইন্টারনেট

জার্মানির ২০তম জাতীয় নির্বাচন আজ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনেরর মাধ্যমে আঙ্গেলা মের্কেলের ১৬ বছরের শাসনামলের পর নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী মের্কেল এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-সিডিইউ থেকে লড়ছেন দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী ওলাফ শলৎস। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন তিনি। পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন আনালেনা বেয়ারবক।

সর্বশেষ জরিপ বলছে, মার্কেলের এই দলটি ২২ শতাংশ ভোট পেতে পারে। চ্যান্সেলর পদে তাদের দু'জনের সঙ্গে সবুজদল থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক সমান তালে পাল্লা দিয়ে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

জার্মানির সংসদের ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন আর বাকি অর্ধেক নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে। এবারের নির্বাচনে মোট ভোটার ছয় কোটি ৪০ লাখ।