সিনহা হত্যা: ৩য় দফায় সাক্ষ্যগ্রহণ চলছে

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৯-২০ , ০৩:৩১ পিএম

সিনহা হত্যা: ৩য় দফায় সাক্ষ্যগ্রহণ চলছে ছবি: ইন্টারনেট

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই সাক্ষ্যগ্রহণ চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সপ্তম সাক্ষী প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সাড়ে ৯টায় পুলিশের কড়া পাহাড়ায় ১৫ আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ২৩ থেকে ২৫শে আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ করা হয়। এতে সাক্ষ্য দেন মামলার বাদী ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার সময় সিনহার সঙ্গে থাকা সঙ্গী সাহেদুল সিফাত। পরে ৫ থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আরো চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পর্যাক্রমে আরো ৭৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে।

আদালতে দেওয়া চার্জশিট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় এবং পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে মামলার তিন নম্বর আসামি করা হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‍্যাব-১৫।