আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৯-১১ , ০৭:২৪ পিএম
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানে পর্যাপ্ত খাবার পাচ্ছে না ৯৩ শতাংশ পরিবার। পুষ্টিহীনতায় ভুগছে ৫ বছরের নিচের অর্ধেক শিশু। দেশটিতে প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
সংস্থাটি বলছে, তালেবান ক্ষমতা দখলের পর এখন খাদ্য সংকটের মুখে আফগানিস্তানের এক তৃতীয়াংশ মানুষ।
টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট আর প্রাকৃতিক দুর্যোগে গভীর সংকটে আফগানিস্তান। তালেবান ক্ষমতা দখলের পর আরও জটিল হয়েছে পরিস্থিতি।
জ্বালানির মূল্য বৃদ্ধি এবং খরায় উৎপাদিত গমের ৪০ শতাংশ নষ্ট হওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। অনেকের হাতেই নেই খাবার কেনার পর্যাপ্ত টাকা। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, পরিবারের সদস্যদের খাবার নিশ্চিতে কঠিন লড়াই করছে অনেক আফগান। শিগগির দেশটির লাখ লাখ মানুষ খাদ্য সংকটে পড়বে বলেও আশঙ্কা সংস্থাটির।
বিশ্ব খাদ্য কর্মসূচির উপ আঞ্চলিক পরিচালক জানান, আফগানিস্তানে শিগগিরই দরিদ্র নয়; এমন অনেক মানুষেরও থাকবে না খাবার কেনার সামর্থ্য। খাদ্য সংকটের মুখে পড়বে প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ।
বিশ্ব খাদ্য কর্মসূচির উপ আঞ্চলিক পরিচালক অ্যান্থিয়া ওয়েব বলেন, '১৭ই জুন থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে জরিপটি পরিচালনা করা হয়। দেশটির ১৬শ' পরিবারকে নিয়মিত ফোন করে তাদের খাদ্যাভাসের কথা জানতে চাওয়া হয়। দেখা গেছে, প্রতি চারটির মধ্যে তিনটি পরিবারের সদস্যরাই একবেলা খাবার খাচ্ছে না অথবা বড়রা না খেয়ে শিশুদের খাবার দিচ্ছেন।'
তিনি আরও জানান, 'আফগানিস্তানের বর্তমান সংকট মোকাবিলায় প্রয়োজন ২০ কোটি মার্কিন ডলার। নভেম্বরের মধ্যে ৯০ লাখ আফগান নাগরিকের কাছে সাহায্য পৌঁছে দিতে চায় বিশ্ব খাদ্য কর্মসূচি। এই বছরের মধ্যে দেশটির এক তৃতীয়াংশ মানুষকে সহায়তা দিতে চায় সংস্থাটি।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.