সেপ্টেম্বরে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৯-০১ , ০৯:০০ এএম

সেপ্টেম্বরে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ছবি: ইন্টারনেট

সেপ্টেম্বর মাসে দুই কোটি মানুষকে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাহিদ মালেক।

এ সময় তিনি আরও বলেন, 'করোনায় সৃষ্ট সংকটেও আমরা চেষ্টা করছি কিভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো থাকার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে।' মহামারিতেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, '১৫ আগস্ট ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, হেফাজতের মাধ্যমে সরকার হঠানো চেষ্টা করা হয়। বিএনপি-জামাত, হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি এবি এম হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।