দুই ডোজের ব্যবধান কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-২৩ , ০৩:৫৯ পিএম

দুই ডোজের ব্যবধান কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সিটিজেন নিউজ

দেশে গণটিকাদান ক্যাম্পেইন আর হচ্ছে না। এখন থেকে নিবন্ধনের মাধ্যমেই দেওয়া হবে ভ্যাকসিন। এছাড়া করোনার টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফেব্রুয়ারির মধ্যেই ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি নতুন টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপচেপড়া ভিড়, কোথাও কোথাও ভোগান্তিরও সীমা নেই। অনেকে আবার নিবন্ধন করার একমাস পরও পাচ্ছেন না কাঙ্ক্ষিত এসএমএস।

এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দিতে সরকার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে গণটিকা ক্যাম্পেইন পরিচালনা করলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এছাড়া সাড়ে ৩ কোটি মানুষ নিবন্ধন করলেও টিকা নিশ্চিত হয়েছে ২ কোটির। ভ্যাকসিনের স্বল্পতা বিবেচনায় আর তাই গণটিকা কার্যক্রম চলবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা গণ শব্দটি আগামীতে আর ব্যবহার করব না। আমাদের হাতে যখন যত টিকা আসবে আমরা সে সংখ্যক লোককে টিকা নিতে কেন্দ্রে ডাকব। নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয় দুই ডোজের মধ্যে সময় কমিয়ে আনার। কারিগরি দিক বিবেচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের আলাদা পরিকল্পনার মাধ্যমে কীভাবে দ্রুত টিকা দিয়ে দেওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। অনেক দেশেই দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ডোজ অনেক কম সময়ের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন।