ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০২ , ০৭:৫০ পিএম

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ছবি: সিটিজেন নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল, একটি বিস্ফোরিত ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে এ বিস্ফোরণ ঘটানো হয়।

কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে গেছেন। তবে কে বা কারা দিনদুপুরে এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।

স্থানীয় সূত্র জানায়, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা এ ঘটনার জন্য কাদের মির্জার প্রতিপক্ষ দলীয় নেতাকর্মীদের দায়ী করছেন।

ওসি সাইফুদ্দিন আরও জানান, মন্ত্রী বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কের ফাঁকা জায়গায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া ৫টি অবিস্ফোরিত ককটেল ও একটি কার্তুজ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই সার্কেল এসপিসহ অফিসার পাঠিয়েছি। তাদের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।