সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-৩০ , ০৮:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব। এ সময় বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা, হরিণের চামড়া, ক্যাঙ্গারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে র্যাব অভিযান চালায় গুলশান ২ নম্বরে হোটেল ওয়েস্টিনের পেছনে ৩৬ নম্বর সড়কের পাঁচ নম্বর বাসায়। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এসব তথ্য জানান।
পলাশ কুমার বসু বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান চালিয়েছি। হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, বিদেশি কারেন্সি, হরিণের চামড়া, ক্যাংগারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও পশু সংরক্ষণ আইন ছাড়াও তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।’
হেলেনা জাহাঙ্গীরকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান পলাশ কুমার বসু।
গুলশানের বাসায় অভিযানের পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে রাজধানীর মিরপুরে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালায় র্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।
অভিযান শেষে নাদির শাহ জানান, জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিছু কাগজপত্র পাওয়া গেছে সেগুলো যাচাই-বাছাই করে টেলিভিশনটি বন্ধ করা হতে পারে। টেলিভিশনটিতে কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে।
গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.