নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৭-১২ , ০৮:৪৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা ভাইরাস মহামারির মধ্যে ডেঙ্গু রোগ যাতে জনজীবন বিপর্যস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার (১২ জুলাই) অনলাইনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থার কার্যক্রম পর্যালোচনায় ১০ম আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন।
মো. তাজুল ইসলাম বলেন, মশার কোন বর্ডার বা সীমানা নেই। তাই ডেঙ্গু প্রতিরোধে সকলের আরো বেশি সতর্ক হওয়ার কোন বিকল্প নেই।
তিনি বলেন, প্রতিষ্ঠান বা বাড়ি-ঘর যারই হোক, আমি-আপনি যেই হই না কেন, আমরা সকলেই এই শহর ও দেশের মানুষ। মশা নিধনে সকলকে নিজের ওপর অর্পিত নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সমন্বিত উদ্যোগে কাজ না করলে সুফল আসবে না।
তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে এডিস মশার প্রজননের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুই সিটি কর্পোরেশনে চিরুনি অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্মাণাধীন ভবনগুলোর বেজমেন্ট এবং ছাদে বিভিন্ন জায়গাতে পানি জমা থাকে। আর এখানেই এডিস মশার প্রজনন বেশি হয়।
ডেঙ্গু নিয়ে এখনও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এডিস মশা বিস্তার বা প্রজননের সকল ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এডিস, অ্যানোফিলিস বা কিউলিক্স মশা যে মশাই হোক না কেন এগুলো নিধনের জন্য কি করতে হবে তা সকলেরই জানা রয়েছে।
তাজুল ইসলাম বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলওয়ে, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড এবং সিভিল এভিয়েশনসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মশকের বিস্তাররোধে নিজ নিজ উদ্যোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়,বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন নেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.