৫ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৬ , ০৬:১৯ পিএম

৫ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি ছবি: সিটিজেন নিউজ

স্বাভাবিক জীবনে ফিরতে বিধিনিষেধ শিথিলে তাড়াহুড়ো করছে অনেক দেশ। এতে পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।আগস্টে করোনার আরেকটি ঢেউ আসতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।

জোরদার টিকা কর্মসূচি আর কঠোর বিধিনিষেধে ইউরোপের দেশগুলোতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। কয়েকটি দেশ এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মাস্ক পরার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে অনেক জায়গায়। খুলে দেয়া হচ্ছে রেস্টুরেন্ট, পানশালা, জিম, সিনেমা ও কনসার্ট হল।    

বুধবার থেকে যুক্তরাজ্য ও ভারতসহ ৫ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। এছাড়া ১২ই জুলাই সবশেষ তথ্য পর্যালোচনা করে এ মাসেই বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য সরকার। 

তবে বিধিনিষেধ শিথিলে এমন তাড়াহুড়ো করলে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান।  

ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইক রায়ান বলেন, করোনা মহামারি এখনও শেষ হয়নি। বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া আরও ধীর করতে হবে। আগস্টে আরেকটি করোনার ঢেউ আসতে পারে। সেজন্য প্রস্তুত থাকতে হবে।

গত বছরের তুলনায় এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থায়ন কমে যাওয়ায় হতাশাও প্রকাশ করেন তিনি।