খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : মির্জা ফখরুল

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৭-০৪ , ০৭:০২ পিএম

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : মির্জা ফখরুল ছবি: সিটিজেন নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

আজ রোববার দুপুরে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে সরকার আইনি ক্ষমতার অপব্যবহার করছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হ্যাঁ, এই কথাটা আমরা এর আগেও বলেছি। আমাদের আইনজীবীরাও এর উত্তর দিয়েছেন। সরকার যে আইনের ক্ষমতাবলে এই নির্দেশ (খালেদা জিয়া সাজা স্থগিত করে মুক্তি) দিয়েছেন, সেই আইনে তারা নতুন নির্দেশে দিয়ে তার (খালেদা জিয়া) বিদেশের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। আপনি সঠিক বলেছেন। তারা আসলে নিজেরাই নিজেদের ক্ষমতা খর্ব করছেন। এটার একমাত্র উদ্দেশ্য খালেদা জিয়ার সঙ্গে একটা বৈরি মনোভাব প্রর্দশন করা। প্রতিহিংসামূলকভাবে তারা (সরকার) এই ব্যবস্থা করছে।’ 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, স্থায়ী কমিটির বৈঠকে তার নিন্দা জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘আইনের কোথাও এ কথা বলা নেই যে, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে পারবেন না। যেখানে খুনের মামলায়, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি অথবা আজীবন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুক্তি নিয়ে বিদেশে চলে যেতে পারে, সেখানে সাবেক প্রধানমন্ত্রীকে মানবিক কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার সুযোগ দেওয়া যাবে না, এটা কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না।’ 

সংসদে খালেদা জিয়া ও বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, গতকাল সংসদে সংসদনেতা হিসেবে শেখ হাসিনার বক্তব্য অনভিপ্রেত এবং রাজনৈতিক শালীনতা বিবর্জিত। তার মনগড়া কল্পকাহিনীর মধ্যে দিয়ে একজন মহান মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের আপসহীন নেত্রীকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন।’