দেশের সব আদালত ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২১-০৬-৩০ , ০৯:৩০ পিএম

দেশের সব আদালত ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে ছবি: সিটিজেন নিউজ

কঠোর বিধিনিষেধ চলাকালে দেশের নিম্ন আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকলেও, সীমিত আকারে চলবে হাইকোর্টের তিনটি বেঞ্চ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যে কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের সব আদালত ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে।

বুধবার বিধিনিষেধ আরোপের পর সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়। পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মে সর্বোচ্চ আদালতের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কাজও সীমিত পরিসরে চলবে বলে জানানো হয়েছে।

আদালত বন্ধ থাকলেও খোলা থাকছে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানা হয়, সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। তবে লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে প্রতি রবিবারও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংক খোলা থাকবে সোম থেকে বৃহস্পতিবার।

মহামারির মধ্যে ব্যাংকিং সেবা প্রদানের জন্য সীমিত লোকবলের মাধ্যমে শাখার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  প্রতিটি জেলা সদর ও উপজেলায় রাষ্ট্রীয় ব্যাংকের ১টি করে শাখা খোলা রাখতে হবে। বেসরকরি ব্যাংকগুলো জেলা সদরে ১টি এবং সদরের বাইরে সর্বোচ্চ ২টি শাখা চালু রাখতে পারবে। এছাড়া বিধিনিষেধে চালু থাকবে শিল্প কারখানা, কাস্টমস ও বন্দরের কার্যক্রম। এর সাথে, শেয়ার বাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

অন্যদিকে, কঠোর বিধিনিষেধের মধ্যে জরুরি ভিসা সেবার জন্য খোলা থাকবে বিদেশি দূতাবাস। ভিসা নিতে শিক্ষার্থীরা দূতাবাসে যাতায়াতের সুযোগ পাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।