কাঁচাবাজার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৬-৩০ , ০৪:২৯ পিএম

কাঁচাবাজার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা ছবি: সিটিজেন নিউজ

কোভিড-১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার  ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ‘বিধিনিষেধের’ মধ্যে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বেচাকেনা উন্মুক্ত স্থানে চলবে। আর রেস্টুরেন্টে শুধু খাবার বিক্রি করা যাবে, বসে খাওয়া যাবে না।

আজ বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং শিল্প কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। উন্মুক্ত স্থানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাঁচা বাজার ও নিত্যপণ্য কেনাবেচা করা যাবে।

এ ছাড়া শপিংমল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

সারা দেশে বিধিনিষেধ কার্যকরে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এ ছাড়া প্রজ্ঞাপনে বিধিনিষেধ সংক্রান্ত ২১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।