চুয়াডাঙ্গা ও চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৫-২৭ , ০৯:৫৩ পিএম

চুয়াডাঙ্গা ও চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছবি । সিটিজেন নিউজ

ভোলা চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়েছে। একই সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোলা বাস স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি ঘুংগার হাট এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি  অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে অটোচালক আজিজ ও মিরাজ, সোহাগ নামের ২ যাত্রীসহ তিনজন নিহত হয়। এছাড়াও গুরুতর আহত হয় দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে,  চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহমত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মল্লিকপাড়ার শহর আলী মোল্লার ছেলে। তিনি ভালাইপুরে অবস্থিত বঙ্গমনি ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনার পর ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।