দেশজুড়ে মৃত্যুর মিছিলে আরও ৬৫

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৫-০৩ , ০৫:৪২ পিএম

দেশজুড়ে মৃত্যুর মিছিলে আরও ৬৫ ছবি । সিটিজেন নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৬৪৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৯ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ সোমবার (৩রা মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪২০টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৪৫২টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৯৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৯১ হাজার ১৬২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৫ জনের মধ্যে শূন্য থেকে দশ বছর বয়সী একজন, বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন ও ষাটোর্র্ধ্ব ৩৬ জন রয়েছেন।

এর আগে, রোববার (১লা মে) করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৩৫৯ জন ও মৃত্যু হয় ৬৯ জনের। সে হিসেবে আজ আক্রান্ত বেড়েছে কিন্তু মৃত্যুর সংখ্যা কমেছে।

গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।