সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০৪ , ১০:১৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সোমবার (৫ এপ্রিল) থেকে দেশে এক সপ্তাহের লকডাউন চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে যেদিন থেকে লকডাউন শুরু হবে সেদিন থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
লকডাউন দেয়া হলে আগামী সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে যাত্রীবাহী নৌযান (লঞ্চ) চালাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
তিনি বলেন, ‘আমরা যাত্রীবাহী নৌযানগুলো সোমবার সকাল ৬টা থেকে বন্ধ করে দিচ্ছি। যতদিন লকডাউন চলবে, ততদিন বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌযান চলবে।’
এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন থাকবে। এ সময়ে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, ‘লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সেই ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং ডিউটির মাধমে তারা কলকারখানায় কাজ করতে পারেন।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস খোলা থাকবে।
সব ধরনের মার্কেট বন্ধ থাকবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে কিনা সে বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আমরা যখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করব সেখানে তা স্পষ্ট করে বলা হবে। এখনই এ বিষয়ে বলছি না।
লকডাউন ঘোষণার প্রস্তাব শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে রোববার সকালের দিকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.