সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০১ , ১০:৩৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
জাহিদ মালেক জানান, গত এক মাস আগে আক্রান্তের হার ছিল মাত্র ২ শতাংশ। এখন এটি প্রায় ২০ শতাংশে চলে গেছে। এখন দিনে প্রায় ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যু সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় আড়াই হাজার বেড বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (৩১ মার্চ) রাতে, ভার্চুয়াল এক মত বিনিময় সভায় এ কথা জানান তিনি। এসময় গেল কয়েক দিনে করোনা শনাক্তের হার বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হারে রোগী বাড়তে থাকলে হাসপাতালে জায়গা দেয়া কঠিন হবে। এই মুহূর্তে যে স্থান থেকে করোনা সৃষ্টি হচ্ছে সেই সকল স্থানে এখনই জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। সকল পর্যটন কেন্দ্র, হোটেল, যানবাহনসহ অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্র সমূহে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, পিকনিক আয়োজন বন্ধ রাখতে হবে। সকলকে মুখে মাস্ক পড়তে হবে। সংক্রমণ কমাতে না পারলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
জাহিদ মালেক বলেন, ৪০টি নতুন আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হাসপাতালটি কোভিড ডেডিকেটেড করা হচ্ছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ দেশের বেশিরভাগ হাসপাতালে শত শত শয্যা কভিড ডেডিকেটেড করা হচ্ছে। কিন্তু প্রতিদিন যদি ৫০০-১০০০ রোগী হাসপাতালে ভর্তি হতে থাকে তাহলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল করে ফেললেও রোগী রাখার জায়গা দেয়া যাবে না। সকল মানুষকে মুখে মাস্ক পড়তে হবে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে কোভিডকে মোকাবিলা করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ এখন বেপরোয়া চলাফেরা করছে। এটিকে থামাতেই হবে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও কোভিড মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। রাজধানীর আশেপাশের হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা আছে জানিয়ে মন্ত্রী সেসব হাসপাতালে সেবা নেবার আহ্বান জানান।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৪৬ জনের প্রাণহানি হলো। আর, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৫,৩৫৮ জন। যা এ পর্যন্ত একদিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.