ভিপি নুরকে পাসপোর্ট দেয়ার নির্দেশ হাইকোর্টের

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-০৪ , ০৫:৫৬ পিএম

ভিপি নুরকে পাসপোর্ট দেয়ার নির্দেশ হাইকোর্টের

আগামী তিনদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে পাসপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার নুরকে কেন পাসপোর্ট দেয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

গত বছরের এপ্রিলে পাসপোর্টের জন্য আবেদন করেন নুর। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি। এর কারণ হিসেবে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, মামলা থাকায় তাকে (নুর) পাসপোর্ট দেয়া সম্ভব নয়। এ জন্য গত আগস্টে তিনি পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট করেন।
 
ওই রিটের শুনানি নিয়ে গত ২৩ জানুয়ারি পাসপোর্ট না দেওয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি কেন নুরকে পাসপোর্ট দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। এরপর ওই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করলেন আদালত।