বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে: তথ্যমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২৬ , ০৯:৩৮ এএম

বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে: তথ্যমন্ত্রী ছবি । সিটিজেন নিউজ

বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি আশা করেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। এরপর বিএনপি আশা করেছিল, সঠিক সময়ে টিকা আনা সম্ভবপর নয়। যখন সঠিক সময়ে টিকা চলে এলো, তখন তারা এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’

তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা পৃথিবীতে সবচেয়ে কার্যকর টিকাগুলোর অন্যতম এবং আমাদের জলবায়ুতে অত্যন্ত কার্যকর। যা ভারতে কোটি কোটি মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে এবং আগাম বুকিংয়ের মাধ্যমে নিয়ে এসে আমাদের দেশেও সরকার প্রয়োজনের নিরিখে অর্থাৎ ফ্রন্ট লাইন ফাইটারদেরকে এই টিকা অগ্রাধিকারভিত্তিতে প্রথমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে’।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেয়া হোক- মির্জা ফখরুলের এমন বক্তব্যে ড. হাসান মাহমুদ বলেন, মানুষ বুড়ো হলে অনেক সময় ‘ডিমেনসিয়া’ হয় তখন তারা আবোল তাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, তার এ রোগ হলো কি না?’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো- সরকারের সাফল্যে আপনাদের মুখ ম্লান হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করার যে নোংরা খেলায় নেমেছেন, এটি দেশ জাতি জনগণের সাথে প্রতারণা; আপনারা দয়া করে সেই প্রতারণাটা করবেন না।