পিকে হালদারের দুই সহযোগী পাঁচ দিনের রিমান্ডে

 আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-২৫ , ০৫:১৭ পিএম

পিকে হালদারের দুই সহযোগী পাঁচ দিনের রিমান্ডে ছবি । সিটিজেন নিউজ

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পিকে হালদারের দুই সহযোগী রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের সহযোগী পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল ইসলামের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫জানিয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামি উজ্জ্বল কুমার নন্দী ও রাশেদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দু’জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।