পাঠানটুলি থেকে অস্ত্র ও ছোরাসহ ২ জন গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২১ , ০৯:৩৭ এএম

পাঠানটুলি থেকে অস্ত্র ও ছোরাসহ ২ জন গ্রেফতার ছবি । সিটিজেন নিউজ

নির্বাচনী সংঘাত, সংঘর্ষে উত্তপ্ত সেই পাঠানটুলি থেকে অস্ত্র, গুলি ও ছোরাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নির্বাচনকে সামনে রেখে তারা এ এলাকায় এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বুধবার (২০ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- অর্জুন দে (২৭) ও হারুন (৪২)।  

এর মধ্যে অর্জুন ২০১৪ সালে পুলিশ সদস্য নায়েক ফরিদ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতাসহ চারটি এবং হারুনের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতাসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ডবলমুরিং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে এরা সংগঠিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুইজনের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ’

ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ পাঠানটুলি এলাকায় আজ বিকেলে মাইকিং করা হয়। পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশিও চালানো হয়। তল্লাশিকালে একটি এলজি, এক রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, নির্বাচনকে সামনে রেখে তারা এসব অস্ত্র এনেছিল। এ ঘটনায় জড়িত আরও চার পাঁচজনের নাম উল্লেখ করেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত অর্জুন ২০১৪ সালে পুলিশ সদস্য নায়েক ফরিদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।