সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১২ , ০৯:৩৮ পিএম
সিটিজেন নিউজ
চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলিতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া মাহবুব নামে আরও একজন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। এবার দল তাকে মনোনয়ন না দিয়ে বাহাদুরকে মনোনয়ন দেয়।
এছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বাহাদুর বলে জানা গেছে। কাদেরের আগে ২০০০ সাল থেকে ২০১৪ সাল নাগাদ এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।
বাবুল ও মাহবুবকে নিজের কর্মী দাবি করেছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া নজরুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, ‘‘আজকে ওই এলাকায় আমার জনসংযোগ ছিল। আমি জনসংযোগ করে রেজাউল ভাইর (আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী) নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলাম, সেখান থেকে নজিরভাণ্ডার লেইনে যাওয়ার কথা ছিল। এ সময় কাদেরের নেতৃত্বে তার অনুসারীরা এসে হামলা চালায়। ‘তাকে বাঁচাতে গিয়ে’ বাবুল ও মাহবু্ব গুলিবিদ্ধ হয়েছেন।’’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.