ভোলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-১০ , ০৫:৫৮ পিএম

ভোলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত ছবি । সিটিজেন নিউজ

ভোলার চরফ্যাশন উপজেলায় টেম্পু-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আশরাফুল আলম (৪০) নামের একজন ইউপি সদস্য নিহত হয়েছেন। রবিবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি পশ্চিম চর উমেদ গ্রামের মাহে আলমের ছেলে।

চরফ্যাশন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন মিঞা জানান, ইউপি সদস্য আশরাফুল আলম দুপুরে পারিবারিক ও ব্যবসায়িক কাজে মনির হোসেনকে নিয়ে মোটরসাইকেলে চরফ্যাশনে যান। এসময় চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকায় একটি টেম্পুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আহত মনির হোসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

কোন অভিযোগ না থাকায় ইউপি সদস্য আশরাফুল আলমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর টেম্পুটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পালাতক।