কক্সবাজারে বাসচাপায় কলেজছাত্রী নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০৭ , ০৯:১৫ এএম

কক্সবাজারে বাসচাপায় কলেজছাত্রী নিহত ছবি । সিটিজেন নিউজ

কক্সবাজারের রামুতে বাসচাপায় কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ তিনজন। বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন জাহান বৈশাখী রামু সরকারি কলেজ থেকে সদ্য স্নাতক শেষ করেছেন। পড়ালেখার পাশাপাশি ওই ছাত্রী রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন।চাকরি শেষে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বুধবার রাতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকায় কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস নামের যাত্রিবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে (সিএনজি) চাপা দেয়। এতে অটোরিক্সাটির চালকসহ ৪ জন আহত হন।

এদের মধ্যে আহত নাসরিন জাহান বৈশাখী ঘটনাস্থলে প্রাণ হারান।আহত অন্যদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলেজছাত্রীকে চাপা দেয়া বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারি পলাতক বলেও জানান ওসি।