আদালত প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-০৬ , ০২:৫৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপি-যুবদলের ১৭৮ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এ জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (৬ জানুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করা ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৭৮ জনের পক্ষে ৩৬টি জামিন আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, যুবদলের দুই সহ-সভাপতি ও অন্য নেতাকর্মীদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেছেন। এর মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য মতে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানার বিএনপি অফিসের উত্তর পাশে পার্ক করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিল থানার মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানার নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেওয়া হয়।
এছাড়া দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানার পার্কলিংয়ে জৈনপুরী পরিবহন, বিকাল ৩টায় মতিঝিল থানার পুবালি পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে, ভাটারা থানার কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনে ও রাতে উত্তরার আজমপুরে আগুন দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, ঢাকা-১৮ আসনে সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনও পক্ষ নাশকতার উদ্দেশ্যে একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে। নির্বাচনি এলাকার দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ও ভোট গ্রহণের সময় রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা এক কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওই মামলায় তারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আসেন। পরে হাইকোর্ট তাদের আবেদনের শুনানি নিয়ে জামিন মঞ্জুর করলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.