বান্দরবানে পিকআপ চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-০৪ , ১২:১১ পিএম

বান্দরবানে পিকআপ চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

বান্দরবান সদর উপজেলায় মালবোঝাই পিকআপের চাপায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালকসহ আহত হয়েছে আরও দুজন। উপজেলার আমতলীপাড়া এলাকায় কেরানীহাট সড়কে গতকাল রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নাজমা বেগম (৫৪), লাবন্য (৪) ও মুনতাহা (১১)। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিকআপের চালক লিয়াকত। আহত অপরজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমতলীপাড়া এলাকায় মালবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নাজমা বেগমের মৃত্যু হয় এবং আহত হয় শিশুসহ আরো চারজন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধারের পর বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই শিশুর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, পিকআপ দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে আর দুই শিশু চট্টগ্রামে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।