সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৩ , ০৪:২৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
'ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আর যারা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তারা সবাই রাজনীতির কাক।'রবিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। স্মরণসভা আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
'বিএনপির রাজনীতিবিদরা রাজনীতির কাক' উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছেন। খাবারের উচ্ছিষ্ট রাস্তায় বিলিয়ে যেমন প্রচুর কাকের সমাবেশ হয় তেমনি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আর যারা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, তারা সবাই রাজনীতির কাক।
হাছান মাহমুদ বলেন, গত ১২ বছর ধরে তারা (বিএনপি) সরকারকে উৎখাত করতে গিয়ে নিজেরাই জনগণ থেকে উৎখাত হয়েছেন। আমি তাদেরকে অনুরোধ জানাব, সরকার উৎখাতের যে কথা আপনারা প্রতিনিয়ত বলছেন এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন, এখনো নিজেদের হাস্যকর করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাব, আপনার ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন।
মন্ত্রী বলেন, এতদিন যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন, মানুষ হত্যার রাজনীতি করেছেন এবং মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছেন- এগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে। ফকরুল সাহেব গতকালও কথা বলেছেন। আশা করেছিলাম বছরের প্রথম দিনে মির্জা ফখরুল ইসলাম তার কথাবার্তায় পরিবর্তন আনবেন। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, দুঃখজনক হলেও সত্য বছরের প্রথম কয়েকটা দিনে তার মধ্যে ভাষার কোনো পরিবর্তন আসেনি। তিনি যে ভাষায় কথা বলছেন, এ বছরেই তিনি নাকি সরকার উৎখাত করবেন।
সভায় দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সৈয়দ আশরাফুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের দলের ইতিহাসে অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমাদের দলের ইতিহাসে ভবিষ্যতেও অনেকেই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু আশরাফ ভাইয়ের মতো এমন ভদ্রজন আমাদের দলের সাধারণ সম্পাদক খুব একটা পাইনি। তিনি রাজনীতিকে পেশা নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।
স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.