সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৩ , ০২:৫০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ, এজন্য বাহিনীর নতুন নতুন ইউনিট গঠন করা হয়েছে। পুলিশকে আরও সতর্ক হতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অপরাধের ধরণ পাল্টেছে। সেসব মোকাবেলায় পুলিশকে আরও সতর্ক হতে হবে।’
রবিবার (৩ জানুয়ারী) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর সারদায় ৩৭তম বিসিএস-পুলিশ ব্যাচের শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
পুলিশ বাহিনীর উন্নয়নের আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার। দেশের থানাগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় গ্রহণের পর দেখি পুলিশের বাজেট মাত্র ৮৫০ কোটি টাকা। পরবর্তীতে তা এক হাজার ২৫০ কোটি টাকা করা হয়েছে। পুলিশের রেশনভাতা ২০ শতাংশ থেকে পর্য়ায়ক্রমে শতভাগ করা হয়।’
শেখ হাসিনা আরও বলেন, ‘২০০৯ সালে ফের ক্ষমতায় এসে দেখি বাজেট মাত্র তিন হাজার কোটি টাকা। ২০২১ সালে এ বাজেট বৃদ্ধি করে ১৬ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেয়া হয়। পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে আধুনিক অস্ত্র, পোশাক, ঝুঁকিভাতা, টিফিন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। উন্নততর প্রশিক্ষণের জন্য স্টাফ কলেজ নির্মাণ করা হয়েছে।’
বাংলাদেশের পুলিশকে জাতির পিতা ‘স্বাধীন দেশের পুলিশ’ বলেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণ থেকে উদ্ধৃত করে বলেন, জাতির পিতা বলেছিলেন- ‘একটা কথা ভুললে চলবে না তোমাদের, তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানি শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা’।
সরকারপ্রধান বলেন, ‘অসহায়, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দেবে এবং জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে।’
সাইবার ক্রাইম নির্মূলে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় শান্তিরক্ষা মিশনে পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পদক দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.