ডিসেম্বরে মাদকসহ ৮৮ কোটি টাকার পণ্য জব্দ

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০২ , ১০:০২ এএম

ডিসেম্বরে মাদকসহ ৮৮ কোটি টাকার পণ্য জব্দ ছবি । সিটিজেন নিউজ

২০২০ সালের পুরোটাই ছিলো করোনাভাইরাস মহামারির কারণে বিধ্বংসী এক বছর। তবুও গেলো বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে ৮৮ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মাদকসহ অবৈধ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে জব্দ করা এসব অবৈধ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য। মাদকদ্রব্যগুলোর মধ্যে বিজিবি এক মাসে ১০ লাখ ২৬ হাজার ৬১০ পিস ইয়াবা, ৭০ হাজার ১৩ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪০৮ ক্যান বিয়ার, এক হাজার ৪২৩ কেজি গাঁজা, ৬ কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮ ডোজ উত্তেজক ইনজেকশন এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫ পিস নেশাজাতীয় অন্যান্য ট্যাবলেট আটক করা হয়।

একই মাসে বিজিবি চোরাচালান হওয়া বিভিন্ন পণ্যের মধ্যে জব্দ করে ১২ কেজি ৯৭৭ গ্রাম সোনা, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, এক হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪ টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৯৫৪ পিস শাড়ি, ৬৬৩টি থ্রিপিস/শার্টপিস, ৩ হাজার ৪৬৮টি তৈরি পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৯২ কেজি চা পাতা, ২ হাজার ৬১০ কেজি কয়লা, ১টি ট্রাক, ১২টি প্রাইভেটকার, ৮টি পিকআপ, ২১টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৮টি মোটরসাইকেল।

বিজিবি’র অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক ও ৮ ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।